হাদি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রোববার বিকাল ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
রোববার বিকাল ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা। এ ছাড়া হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে কয়েকজন মহাসড়কে বসেও পড়েছেন।
এতে দেশের ব্যস্ততম মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, “হাদির উপর হামলার বিচার সারা দেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ (রোববার) সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।”
অবরোধে এনসিপি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু থেকেই ঘটনাস্থলে বিক্ষুধ্ব ছাত্র-জনতাকে নিভৃত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন।
পৌনে ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন সাইনবোর্ড এলাকায় আসেন। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক ছেড়ে দিতে আহ্বান জানান।
কিন্তু তখনো মহাসড়ক ছাড়তে রাজি না হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিলেন অবরোধকারীরা।
