মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা, বাসচাপায় গেল দুজনের প্রাণ
কুমিল্লা সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়।
কুমিল্লা সদর উপজেলায় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেছে মা ও মেয়ের।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) ও তার মেয়ে লামিসা আক্তার (১৩)। লামিসা কুমিল্লা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী ছিল।
লামিসার বাবা চট্টগ্রামের বাসিন্দা হারুনুর রশীদ সৌদি প্রবাসী ছিলেন। কুমিল্লা সেনানিবাসের পাশে তিনি বাড়ি করেছেন। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন তিনি।
লিপি আক্তারের মামাতো ভাই আইন উদ্দিন পাভেল জানান, প্রতিদিন লিপি তার মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে স্কুলে দিয়ে আসতেন। আবার ছুটি হলে নিয়ে আসতের।
সোমবার সকালে স্কুলে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় সুগন্ধা পরিবহনের একটি বাস দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই লিপি মারা যান। গুরুতর অবস্থায় লামিসাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে দুই ঘণ্টা থাকার পর সেও মারা যায়।
স্থানীয়রা জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ রয়েছে। নিহত মা ও মেয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুইজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।
