Published : 28 Aug 2026, 08:46 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ঘটনার পরদিন শুক্রবার দুপুরে ভুক্তভোগী কিশোরের মা তিনজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওই থানার ওসি আবু সিদ্দিক।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট আল হেরা মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
আহত অবস্থায় ১৫ বছর বয়সি ছেলেটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক কিশোরকে বেঁধে মারধর করছেন কয়েকজন। নির্যাতনের সময় কিশোরটি বারবার আকুতি জানালেও রক্ষা মেলেনি, উল্টো বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ছেলেটির পরিবার হাতীবান্ধা উপজেলায় বসবাস করলেও সম্প্রতি কালীগঞ্জের উত্তর দলগ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় সে। ঘটনার দিন দুপুরে কয়েকজন লোক তাকে আটক করে আল হেরা মসজিদের ভেতর নিয়ে যান।
পরে তার বিরুদ্ধে মসজিদের মাইকে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে দুহাত বেঁধে রাখা হয়। এ সময় তাকে বাঁশের লাঠি দিয়ে কয়েকজন মারধর করেন।
কিশোরের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার স্বামী দিনমজুরের কাজে ঢাকায় আছেন। ছেলেটাকে বিনা অপরাধে চোর অপবাদ দিয়ে পশুর মতো পিটিয়েছে ওরা। ছেলেটা বারবার অনুনয় করলেও কারও মন গলেনি, উল্টো অনেকে দাঁড়িয়ে থেকে দেখছিল। আমি এই বর্বরতার সুষ্ঠু বিচার চাই।”
ওসি আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।