২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে গাড়ি রাখার প্রতিবাদী সাংবাদিককে মারধর, গাড়ি ভাংচুর

হামলার শিকার তানজিমুল হক রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার।

সড়কে গাড়ি রাখার প্রতিবাদী সাংবাদিককে মারধর, গাড়ি ভাংচুর

পুলিশ বায়োহার্বস আয়ুর্বেদিক কারখানার চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 06:54 PM

Updated : 02 Oct 2022, 07:25 PM

সড়কে কারখানার গাড়ির রাখার ‘প্রতিবাদ করায়’ এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন রাজশাহী নগরীতে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। 

রোববার দুপুরে নগরীর হড়গ্রাম টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিক কারখানার মূল ফটকের সামনে ওই এই ঘটনা ঘটে। 

হামলার শিকার তানজিমুল হক রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার। 

গ্রেপ্তাররা হলেন বায়োহার্বস আয়ুর্বেদিক কারখানার কর্মচারী হিমেল (২৭), তুষার (৩৪), নাসির উদ্দিন (৪৫) ও আনোয়ার হোসেন (২৮)। 

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা। প্রতিদিন কোম্পানির ৫/৭টি গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল ওঠানো ও নামানোর কাজ করে। এতে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন। 

তিনি বলেন, রোববার বেলা ১২টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। 

“এ নিয়ে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা তানজিমের ওপর চড়াও হন। তাকে মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা।” 

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় তানজিমুল হক বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৪ জনকে আসামি করে মামলা করেছেন। পরে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে চার কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে।  

অপরদিকে, খবর পেয়ে কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, এখানে চারটি ওষুধ উৎপাদনের অনুমোদনের মেয়াদ মার্চ মাস পর্যন্ত ছিল। এরপর সেটি নবায়ন করেনি। তবে তারা আবেদন করেছেন। কিন্তু অনুমোদন না থাকলেও তারা ওষুধ উৎপাদন করে আসছে। এছাড়াও সেখানে ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য কোনো ক্যামিস্ট পাওয়া যায়নি। একজনকে নিয়োগ দেখানো হলেও তিনি ঢাকায় থাকেন। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করা হচ্ছিল। 

তিনি জানান, কারখানার দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা সাথে সাথে সে অর্থ পরিশোধ করেছে। এছাড়াও অনুমোদনহীন উৎপাদিত বেশ কিছু ওষুধ ধংস করা হয়েছে। 

এদিকে, সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।