ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
তারা ভারতীয় চোরাচালানের পণ্য গ্রহণের জন্য কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে ধারণা স্থানীয়দের।
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর জানিয়েছে বিজিবি।
উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় বৃহস্পতিবার গভীররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
নিহত ব্যক্তি হলেন- পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে মো. মিল্লাত হোসেন (২১)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীররাতে মো. মিল্লাত হোসেন ও মো. আফছার পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩এস অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছে চলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতালে নেওয়ার পথে মিল্লাতের মৃত্যু হয়। আর আফসার একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পরশুরাম উপজেলার গুথুমা সীমান্ত ভারতীয় ‘চোরাচালানের’ অন্যতম পথ। এ স্থান দিয়ে প্রতিনিয়ত মাদক ও ভারতীয় পণ্য দেশে প্রবেশ করে। নিহত ও আহত যুবকরা ভারতীয় চোরাচালানের পণ্য গ্রহণের জন্য কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই যুবক এত রাতে কেন সীমান্তের শূন্যলাইন অতিক্রম করেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে জানান তিনি।
