২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 09:38 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

গুলিবিদ্ধ মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) এবং মুর্শেদ চৌধুরীকে (৪২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকদের মধ্যে বিরোধ চলছিল। আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা ও মামলার ঘটনা ঘটেছে।

সকালে আনু চৌধুরীর করা একটি মামলা নিয়ে গ্রামে তদন্তে যায় পুলিশ। পুলিশ ফিরে গেলে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ২৫ লোক আহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই গুলিবিদ্ধ।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, অস্ত্র উদ্ধার ও জড়িতদের ধরতে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় মামলা হবে।