চাঁদপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুলিশ জানায়, রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২টায় উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান।
নিহতরা হল- ওই এলাকার আবুল বাসার ও শাহীনা বেগম দম্পতির দুই ছেলে ইয়াসিন হোসেন (৮) ও রাসেল হোসেন (৫)। তারা স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তাদের মা শাহীনা বেগম পুকুরের পাশে বসে শুকনো কাপড় গোছাচ্ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের দেখতে না পেয়ে তিনি পুকুরে নামেন।
খোঁজাখুঁজি করে দুই ছেলেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। পরে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের বাবা আবুল বাশার বলেন, “আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদ্রাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।”
খবর পেয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ও ইউপি সদস্য আনোয়ার হোসেন গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
