Published : 11 Apr 2026, 03:34 PM
সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
সাত মাস বয়সী দিব্য নামের শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
এনিয়ে চলতি মাসে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। যাদের প্রত্যেকের বয়স এক বছরেরও কম।
শনিবার সকালে স্বাস্থ্য বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।"
প্রতিবেদনে আরও জানান হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১জন।
বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।