১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপজেলা নির্বাচন: খাগড়াছড়িতে নারী ভোটারদের উপস্থিতি বেশি

“সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাচন: খাগড়াছড়িতে নারী ভোটারদের উপস্থিতি বেশি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:20 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির তিন উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা সারি দেখা গেছে; তাতে বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে ভোটারদের দীর্ঘ লাইন। 

ওই কেন্দ্রে ভোট দিতে আসা আকলিমা আক্তার বলেন, “ঝামেলামুক্ত পরিবেশে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন।“

একই কথা জানালেন সানজিদা খাতুন ও রাবেয়া বেগম।

পাহাড়ের আঞ্চলিক সংগঠন থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণ বেশি দেখা যায়। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা ।

ভোট সুষ্ঠু করতে কেন্দ্রে কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি রেখেছে প্রিজাইডিং কর্মকর্তারা। 

বোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো.আক্কাশ আলী বলেন, “একেবারেই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো রকম ঝামেলা নাই। আশা করছি বিকেল ৪টা পর্যন্ত এমন পরিবেশে ভোট গ্রহণ করতে পারব।“

দীঘিনালার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অনুপ চন্দ্র বলেন, “আমার কেন্দ্রে দুই হাজার এর বেশি ভোটার সংখ্যা রয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাঁচ শতাধিক ভোটার ভোট দিয়েছে ।

খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জোনায়েদ কবীর সোহাগ বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নির্বাচনে দুই হাজার ৮০৫ পুলিশ ও আনসার সদস্য, বিজিবির ২১ প্লাটুন, প্রতিটি ইউনিয়নে এক জন ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় তিন জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি। 

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১২ এবং মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন উপজেলায় মোট ভোটার দুই লাখ ৩৯ হাজার ৬১ জন।