১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ দখল উচ্ছেদের পর লক্ষ্মীপুর বাজার সড়কের পাশে বৃক্ষরোপণ

গাছগুলো রক্ষায় গোলাকার করে বেড়াও দেওয়া হয়েছে।সেগুলো নিয়মিত পরিচর্যাও করা হবে, বলেন পৌর প্রশাসক।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 01:15 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

লক্ষ্মীপুর পৌরসভায় বাজার সড়কের পাশে অবৈধ দখল ও হকার উচ্ছেদের পর খালি জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে। 

বুধবার সকালে পৌর শহরের ঝর্ণা ফার্মেসী এলাকা থেকে সাবরেজিস্ট্রি কার্যালয় পর্যন্ত সড়কের পাশে গাছগুলো রোপণ করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের পৌর প্রশাসক সম্রাট খীসা। 

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে সারাদেশের মতো লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় বাজার সড়কের পাশে অর্ধ-শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। 

এছাড়া পৌরসভার বিভিন্ন সড়কের পাশে ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, “বৃক্ষরোপণ একটি প্রশংসনীয় কাজ। তবে চারাগুলো শুধু রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যা করতে হবে। ওই স্থানে যেন অবৈধভাবে ফের হকাররা দখল করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”

স্কুল শিক্ষক কামাল হোসেন বলেন, “বাজারের সড়কের পাশে এই প্রথম পৌর প্রশাসন গাছ রোপণ করেছে। অবৈধভাবে দখলকৃত হকারদের উচ্ছেদ করে গাছ রোপণ দারুণ উদ্যোগ।”

লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, বাজার সড়কের পাশের খালি জায়গাটি অবৈধ দখলদাররা আটক করে রেখেছিল। উচ্ছেদ অভিযান চালিয়ে  জায়গাটি তাদের কবল থেকে উদ্ধার করা হয়। 

“সেখানে এখন গাছের চারা রোপণ করা হয়েছে। গাছগুলো রক্ষায় গোলাকার করে বেড়াও দেওয়া হয়েছে।সেগুলো নিয়মিত পরিচর্যাও করা হবে”, বলেন পৌর প্রশাসক।