১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে কেমিকেল গোডাউনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় সৃষ্ট ‘স্পার্ক’ থেকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 07:06 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নারায়ণগঞ্জ শহরে একটি কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

মঙ্গলবার বিকালে শহরের সানারপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় সৃষ্ট ‘স্পার্ক’ থেকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণে স্পার্ক তৈরি হয়। ওই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেমিকেলজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাননি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।