বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
Published : 17 Sep 2026, 11:14 PM
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তরফে অভিনন্দন জানিয়েছেন সাইফুল হক।
তিনি বলেছেন, “রাষ্ট্রপতি হিসাবে তাকে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নির্বাচন ও তার এ দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীও ছিলেন।
দলের নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।
রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।