১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ থেকে ব্যবসায়িক কাজে ঢাকায়, লাশ মিলল খালে

পরিবারের সন্দেহ, জীবন মিয়া নামে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে ব্যবসায়িক কাজে ঢাকায়, লাশ মিলল খালে

ব্যবসায়ী জীবন মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 10:50 PM

Updated : 17 Sep 2026, 10:50 PM

রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম হাজিনগর এলাকার ক্যানেল সংলগ্ন ডিএনডি খাল থেকে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

লাশটি বৃহস্পতিবার সকালে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তথ্য দেন ডেমরা থানার এসআই আবুল কালাম।

তিনি বলেন, “আমরা সকাল ৮টার দিকে খবর পেয়ে ডেমরা থানার পশ্চিম হাজিনগর প্রাইম কেয়ার ডায়াগনস্টিক হাসপাতালের ৩০ গজ পশ্চিম দিকে ক্যানেল পার সংলগ্ন ডিএনডি খাল থেকে ব্যবসায়ী জীবন মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“আমাদের ধারণা নিহত ব্যক্তি ওই খাল পারে গিয়েছিল এবং সেখানে একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। ওই খুঁটিতে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অচেতন হয়ে তিনি খালে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

নিহতের ভায়রা মো. শান্ত বলেন, “জীবন মাছের ব্যবসা করত। পাশাপাশি তার নিজের মার্কেট ছিল, ভাড়া দিয়েই চলত। বুধবার সে নারায়ণগঞ্জের রুপগঞ্জের বাসা থেকে টিপু নামে এক ছেলের সঙ্গে ব্যবসায়িক কাজে ঢাকায় আসে। জীবন রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাসায় ফিরে আসত। কিন্তু রাত ১০টার পরেও যখন সে বাসায় ফেরেনি, তখন তার মোবাইলে ফোন করা হয়। কিন্তু তাকে ফোনে পাচ্ছিলাম না। পরে ডেমরা থানা থেকে ভোরের দিকে পুলিশ আমাদের ফোন দিলে আমরা গিয়ে তার মরদেহ শনাক্ত করি।”

জীবনকে হত্যা করা হতে পারে দাবি করে তিনি বলেন, “তার তো কোন শত্রু ছিল না। তবে আমাদের ধারণা, জীবনকে কেউ হত্যা করে ওই জায়গায় রেখে গেছে।”

মো. শান্ত জানান, জীবনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকায়। তার বাবার নাম আব্দুল মজিদ মিয়া। জীবনের একটি কন্যা সন্তান রয়েছে ও স্ত্রী তানজিলা আক্তার।