১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ৩

পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 02:09 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

পাবনা সদর উপজেলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। 

বৃহস্পতিবার সকাল ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সরাডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান।

নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিক (৭০), তার স্ত্রী বুলু খাতুন (৫৭) ও পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে ও অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (৩০)।

গুরুতর আহতরা হলো, ছলিম প্রামাণিকের মেয়ে নাজনিন খাতুন (৪০), নাতি রিয়াদ সরদার (১৭) এবং একই গ্রামের রেজাউল করিমের ছেলে নাফিজ (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে ওসি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নাতনি কেয়া খাতুনের মরদেহ নিয়ে পাবনার বাড়িতে ফিরছিলেন নানা ছলিম প্রামাণিকসহ পরিবারের সদস্যরা । 

লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-পাবনা মহাসড়কের সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। 

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।