১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে প্রচার, আইনি নোটিস

নোটিশে নড়াইলের সোহাগ ফরাজীকে ৭২ ঘণ্টার মধ্যে ছবি ও পোস্ট ফেইসবুক থেকে সরিয়ে ফেলতে এবং তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 09:18 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

রোববার নড়াইল জজ আদালতের আইনজীবী ফেরদৌস ইসলাম তনু ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয়, শাহাদাত জালাল পিয়াসের বন্ধু মির্জা গালিব স্বতেজ ব্রাজিল দলের সমর্থক। সোহাগ ফরাজী এআই ব্যবহার করে তার ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি তৈরি করেন।

পরে সেগুলো নিজের ফেইসবুক আইডি থেকে প্রচার করেন। তিনি নড়াইল সদর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা। সোহাগ ফরাজী আর্জেন্টিনা দলের সমর্থক।

নোটিসে বলা হয়, এসব ছবি ও পোস্টের কারণে মির্জা গালিব স্বতেজের ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব কনটেন্ট প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

নোটিসে সোহাগ ফরাজীকে ৭২ ঘণ্টার মধ্যে সব ছবি ও পোস্ট ফেইসবুক থেকে সরিয়ে ফেলতে এবং তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে।

ব্রাজিল সমর্থক মির্জা গালিব স্বতেজ বলেন, “আমি ব্রাজিল দলের সমর্থক। এআই ব্যবহার করে আমার ছবি বিকৃত করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে প্রচার করা হয়েছে। বিষয়টি আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই আইনি নোটিস দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ফুটবল সমর্থন নিয়ে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে। তবে কাউকে হেয়প্রতিপন্ন বা অপমান করার উদ্দেশ্যে ছবি বিকৃত করে প্রচার করা অনুচিত।

এ বিষয়ে জানতে সোহাগ ফরাজীকে একাধিকবার তার মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। 

আইনজীবী ফেরদৌস ইসলাম তনু বলেন, নোটিসে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সোহাগ ফরাজীকে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলা এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।