১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 04:36 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

বরিশালে তিনদিন আগে নিখোঁজ এক অটোরিকশা চালকের লাশ কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন।

নিহত ২২ বছর বয়সী মো. নাজমুল মোল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আ. রশিদ মোল্লার ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন নাজমুল। এরপর সে বাসায় ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে গত ১৪ জুন পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে।

“সোমবার সকাল প্রায় ৭টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেছে।”

অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “লাশের ধরন দেখে মনে হচ্ছে, নাজমুল মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে একটি বস্তায় ভরে কাথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ বলা যাবে।”

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।