কক্সবাজার সৈকতে পরিবারের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ কিশোর
পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ইনানী সৈকতে এ ঘটনা ঘটে বলে ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান।
নিখোঁজ আবদুল্লাহ (১৬) রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী। সে সেনাবাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদের ছেলে। তাদের বাসা মহাখালী ডিওএইচএসে।
পুলিশ জানায়, বাবা-মা এবং আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে আবদুল্লাহ কক্সবাজার বেড়াতে আসে। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রে গোসলে নামে।
সবাই উঠে এলেও আবদুল্লাহকে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে লাইফ গার্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও ট্যুরিস্ট পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। কোস্ট গার্ডকেও খবর দেওয়া হয়েছে।
