জয়পুরহাটে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
জয়পুরহাটে এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।
সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম সুমনের বিরুদ্ধে এই অভিযোগ করেন ইউনিয়নের চকভারুলিয়া গ্রামের লেবু হোসেন (৪৫) নামে এক ব্যক্তি।
লেবু হোসেন অভিযোগ করেন, গ্রামপুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে তিন ঘণ্টা ইউপি কার্যালয়ে আটকে রাখে। পরে চেয়ারম্যান এসে মারধর করেন।
“আমার ভাতিজা আবু মুসা মারধরের দৃশ্য মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করেন। চেয়ারম্যান তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করেন এবং ভাতিজাকে জুতাপেটা করে বিকালে ছেড়ে দেন।”
তবে মারধরের কারণ বলেননি তিনি।
এলাকাবাসী জানান, মাস ছয়েক আগে সম্পত্তি নিয়ে একই গ্রামের আব্দুল মুমিন (৬০) ও লেবু হোসেনের (৪৫) মধ্যে বিরোধ শুরু হয়। দুপুরে বিবাদ মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান।
চেয়ারম্যান মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “অন্যের সম্পত্তি জবর দখলের চেষ্টা করায় লেবু ও তার ভাতিজাকে শাসন করা হয়েছে। তাছাড়া লেবুর স্ত্রী জুতা নিয়ে আমাকে মারতে উদ্যত হলে এলালাবাসী তাকে নিবৃত্ত করেন।”
লেবুকে আটকে রাখা সম্পর্কে চেয়ারম্যান বলেন, “বিবাদ মীমাংসার জন্য লেবুকে ধরে নেয় গ্রামপুলিশ। তবে আমি খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তাকে ছেড়ে দিই।”
এদিকে লেবুকে আটকে রাখার খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
জয়পুরহাট থানার পরির্দশক গোলাম সারোয়ার বলেন, ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ যায় ঘটনাস্থলে। তবে তার আগেই লেবুকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেবে পুলিশ।
