যশোরে স্ত্রী ও ২ মেয়েকে হত্যার পর থানায় হাজির
‘পারিবারিক কলহের’ জেরে যশোরে স্ত্রী ও দুই শিশু কন্যাকে হত্যার পর স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছেন এক যুবক।
শুক্রবার সন্ধ্যা ৭টায় অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শালবাগানে এ ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান।
নিহতরা হলেন সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার জহিরুল ইসলামের স্ত্রী (২৮) এবং ৯ ও ২ বছর বয়সী দুই মেয়ে।
ওসি বলেন, “ঘটনার পর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করেন জহিরুল ইসলাম (৩০)। তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে।”
জহিরুল ইসলামের বরাতে ওসি রূপন সরকার জানান, জহিরুলের শ্বশুরবাড়ি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে। সেখান থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটিয়েছেন জহিরুল।
“আত্মসমর্পণের পর তার দেখিয়ে দেওয়া স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
জহিরুলের শ্বশুর সাংবাদিকদের বলেন, তার মেয়ের বিয়ে হয়েছে ১২ বছর আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে নানা সময় কলহ লেগে ছিল। আজ সকালে জহিরুল যখন স্ত্রী ও মেয়েদের যাচ্ছিলেন তার আগেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
