বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান।
তাৎক্ষণিকভাবে নিহত চল্লিশোর্ধ্ব নারী (৪০) ও ত্রিশোর্ধ্ব পুরুষের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের শেরপুর স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুইজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়ার পর মামলা হবে।
