হবিগঞ্জে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু
হবিগঞ্জে বিয়ের দাওয়াত দিতে গিয়ে হাওরে ঝড়ের কবলে নৌকাডুবে চার নারী প্রাণ হারিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, বুধবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে ঝড়বৃষ্টিতে নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম, শরাফত উল্লার স্ত্রী নেদি বেগম, তমির উদ্দিনের স্ত্রী আয়াতুন্নেছা ও রওশন উল্লার স্ত্রী হুরবানু।
এদের মধ্যে আয়াতুন্নেছা ও হুরবানু সহোদর দুই ভাইয়ের স্ত্রী।
নিহতদের পরিবারের বরাত দিয়ে এএসপি খায়ের জানান, শিকারপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে তৃণা বেগমের বিয়ে ঠিক হয় আগামী শুক্রবার। বিয়ে উপলক্ষে স্বজনদের দাওয়াত দিতে দুপুরে ছোট ইঞ্জিনচালিত নৌকাযোগে ছয় জনসহ বাহুবল উপজেলার স্নানঘাট যান আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম।
“সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে পৌঁছলে ঝড়বৃষ্টিতে তাদের নৌকা উল্টে যায়। এতে মাঝিসহ চার জন সাঁতরে তীরে উঠলেও চার মহিলা প্রাণ হারান।”
স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান খায়ের।
