২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত নারীর মৃত্যু

মানিকগঞ্জে ট্রাক্টরের চাকায় ভুট্টাক্ষেতের ক্ষতির জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক নারী মারা গেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2022, 07:25 PM

Updated : 02 Aug 2022, 03:20 PM

ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দুপুরে নূরজাহান বেগম (৬০) নামে এই নারী মারা যান বলে ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান।

নূরজাহান উপজেলার বাইলজুরী চকপাড়ার আইয়ুব খানের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নূরজাহানের ছেলে সাদ্দাম খান ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় এলাকার নজরুল ইসলামের ভুট্টাক্ষেতের ক্ষতি হয়। এতে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে সাদ্দামের মা নূরজাহান ও বাবা আইয়ুব খান আহত হন। 

নূরজাহানের মৃত্যুর পর শনিবার দুপুরে তার ছেলে সাদ্দাম খান আটজনের বিরুদ্ধে থানা মামলা করেন। মামলার আসামি নজরুল ইসলাম ও তার স্ত্রী আসমা বেগমকে আটক করা হয়েছে বলে ওসি রিয়াজ জানিয়েছেন।