২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে প্রভাষককে মারধরে অবশেষে ছাত্রলীগ নেতাদের নামে মামলা

আপ্যায়নের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শিক্ষককে মারধরের ঘটনায় অবশেষে শরীয়তপুরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 03:59 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

ঘটনার চার দিন পর শনিবার কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাশেল জমাদ্দারসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন বলে পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন জানান।

তিনি আরও বলেন, “কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

এদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার কলেজের বাংলা বিভাগের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞ এবং একটি সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে বিভাগের পক্ষ থেকে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই আয়োজনে ছাত্রলীগের নেতাদের দাওয়াত দেওয়া হয়নি।

“কেন ছাত্রলীগ নেতাদের দাওয়াত দেওয়া হয়নি- তা জানতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী ও সাধারণ সম্পাদক রাশেল জমাদ্দার কয়েকজন বিকাল ৫টার দিকে বাংলা বিভাগে যান। তারা এ বিষয়ে প্রভাষক বি এম সোহেলকে জবাবদিহি করতে বলেন। তিনি তখন একটি অনলাইন ক্লাসে ব্যস্ত ছিলেন। তিনি বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।”

তখন ক্ষিপ্ত হয়ে সোহাগ ব্যাপারী প্রভাষক বি এম সোহেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শিক্ষককে মারধরের প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ বুধবার রাতে জরুরি সভা করে। সভা শেষে বিষয়টি শরীয়তপুরের জেলা প্রশাসক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্যকে অবহিত করা এবং এ ঘটনায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের শিক্ষকরা জানান, বুধবার রাতেই অধ্যক্ষ হারুন-অর-রশিদ বাদী হয়ে মামলার জন্য পালং থানায় আবেদন করেন। তখন নানা অজুহাতে তাদেরকে রাত ২টা পর্যন্ত বসিয়ে রাখা হয় কিন্তু মামলা গ্রহণ করা হয়নি।

কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ শনিবার সাংবাদিকদের বলেন, “আমরা চার দিন আগে আবেদন করলেও পুলিশ আজকে মামলাটি গ্রহণ করেছে। এখন সবকিছু আইনগতভাবে চলবে।”

ওসি আক্তার হোসেন বলেন, “ঘটনার পর থেকেই শিক্ষকরা সিদ্ধান্ত নিতে পারেননি। তাই ঘটনার চারদিন পর মামলা হয়েছে।”