সিরাজগঞ্জে অস্ত্র তৈরি ও বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন
অস্ত্র তৈরি ও বিক্রির দায়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা দায়রা ও জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান।
দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ সূত্রধর (৩৫) উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২০ সালের ২৮ আগস্ট সকালে উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি অস্ত্র তৈরি করে সিরাজগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন।
এ সময় তার কাছ থেকে দেশীয় আটটি পাইপগান উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা হয়।
আদালত গোপালকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানান আইনজীবী।
