সিরাজগঞ্জ আদালতের ৬০০ নথি চুরি
সিরাজগঞ্জ আদালতের ভিপি (অর্পিত সম্পত্তি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে প্রায় ৬০০ নথি চুরি হয়েছে।
এ ঘটনায় আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল ওহাব বাদী হয়ে থানায় মামলা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।
তিনি বলেন, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌঁসুলিদের কক্ষের কয়েকটি আলমিরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডাইরি রাখা ছিল। শনি ও রোববার রাতে তালা ভেঙে চোরেরা ওই ঘরে ঢোকে। এরপর তারা তালা ভেঙে তিনটি আলমারির থেকে প্রায় ৬ শতাধিক মামলার নথিপত্র (কোর্ট ফাইল) চুরি করে নিয়ে যায়। এছাড়াও বেশ কিছু পুরাতন ডাইরিও চুরি করে তারা।
পেশাগত শক্রতা এবং কোনো মক্কেলের নথির দরকার হওয়ায় কারণে চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা এই আইনজীবীর।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি কৌঁসুলিদের কক্ষের ও আলমারির তালা ভেঙে নথিপত্র চুরির ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাচাই করা হচ্ছে।
