নোয়াখালীতে আওয়ামী লীগের ২ পক্ষের বিক্ষোভ
নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে সংগঠনটির দুই পক্ষের কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ দেখিয়েছেন।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার বিকালের এ সভা হয়। দুই পক্ষের বিক্ষোভের সময় উত্তেজনা দেখা দিলে শহরে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় আইন-শৃঙ্খলা বাহিনী।
তবে সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্লাহ খান সোহেল জানিয়েছেন।
শহিদ উল্লাহ দুই পক্ষের বিক্ষোভ নিয়ে কিছু বলেননি।
বিক্ষোভকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর অনুসারীরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দুই পক্ষের বিক্ষোভ চলার সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘাত এড়াতে পুলিশ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। এ সময় প্রায় এক ঘণ্টা শহরে যানজট দেখা দেয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে মিছিলকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হয়।
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সর্তকতার কারণে শহরের কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বর্তমানে শহরের পরিবেশ শান্ত রয়েছে।”
তাছাড়া জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, দুই যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্লাহ খান সোহেলসহ জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন।
