২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দোকান উদ্বোধন করতে গিয়ে পিকআপ চাপায় মারা গেলেন বাবা-ছেলে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিজের দোকানের সামনে পিকআপ চাপায় বাবা-ছেলে মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 11:40 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

হাজীগঞ্জের বলাখাল বাজারে শুক্রবার সন্ধ্যায় তারা মারা যান বলে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের জিল্লুর রহমান ও তার আট বছরের ছেলে বায়েজিদ।

পরিদর্শক ইব্রাহিম খলিল স্থানীয়দের বরাতে জানান, জিল্লুর রহমানের বড় ছেলে জোবায়ের বলাখাল বাজারে একটি প্লাস্টিক সামগ্রী বিক্রির দোকান কিনেছেন। সন্ধ্যায় সেই দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তার বাবা জিল্লুর রহমান ও ছোট ভাই বায়েজিদ। মিষ্টি বিতরণের সময় একটি পিকআপ এসে তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যায় শিশু বায়েজিদ। আর জিল্লুর রহমানকে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক ইব্রাহিম খলিল।

জোবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকান উদ্বোধন শেষে পাশের দোকানিকে মিষ্টি দিতে যান বাবা আর ছোট ভাই। এ সময় পিকআপ তাদের চাপা দেয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারে যোগ দেয়।

দুর্ঘটনার পর সড়কে যানজট লাগে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে ছাড়ায় সেই জট।

পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। পিকআপ জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।