নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা মামলার তদন্তে ডিবি
নারায়ণগঞ্জের বাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় তা তদন্তের জন্য দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।”
মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় ছয়তলা ভবনের ফ্ল্যাটে ৪৬ বছর বয়সী রুমা ও তার ২২ বছরের মেয়ে ঋতু চক্রবর্তীরকে হত্যা করা হয়। তাছাড়া পরিবারের আরেক সদস্য ফারজানা শীলার ওপর বঁটি নিয়ে হামলা চালায় খুনি। ঘটনাস্থলে থেকে পুলিশ জোবায়েরকে আটক করে।
জোবায়ের নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নিহত রুমার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী মঙ্গলবার নারায়ণগঞ্জ থানায় মামলা করেন।
জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এসপি জায়েদুল বলেন, “জোবায়ের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, লক্ষাধিক টাকা ঋণ হয়েছে তার। সেই ঋণের টাকা সংগ্রহ ও হতাশা থেকে অর্থ ও স্বর্ণালংকার লুট করতে যান তিনি। এ কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এ সময় এসপি আরও বলেন, জোবায়েরের বাড়ি থেকে ধর্মীয় সেসব বই জব্দ করা হয়েছে তাতে উগ্রজঙ্গিবাদে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
মা ও মেয়েকে হত্যার পর ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে দরজা ভেঙে জোবায়েরকে আটক করে। এ সময় তিনটি রক্তমাখা ছুরি ও রক্তাক্ত দুটি গ্লাভস উদ্ধার করা হয়। জোবায়েরের ব্যাগ থেকে দুটি স্বর্ণের চেইন, কানের দুল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
জোবায়েরের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাসের পর জোবায়ের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। দুই সেমিস্টারের পর পরিবারের আর্থিক সমস্যার কারণে আর পড়াশোনা করতে পারেনি।
