রাস্তা সংস্কার কাজে ‘চাঁদাবজির’ অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
মাদারীপুরে ‘চাঁদা না দেওয়ায়’ হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও সড়কের কাজে নিয়োজিত ছয় শ্রমিককে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
রোববার দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আঙ্গুলকাটা এলাকায় এ ঘটনা ঘটে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের প্রকৌশলী এমদাদুল হকের অভিযোগ।
মাদারীপুর-শিবচর সড়কের সাড়ে ১৩ কিলোমিটার অংশ সংস্থার কাজ করছে ওটিবিএল নামের বরিশালেরেএকটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমদাদুল হক বলেন, রোববার দুপুরে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় প্রতিষ্ঠানের লোকজন সংস্থার কাজ করতে গেলে চাঁদা দাবি করে ছিলারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল সলাকার।
“প্রতিষ্ঠানের লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেলের সমর্থকরা লাঠিসোটা নিয়ে শ্রমিকদের উপর হামলা চালালে ছয় জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।”
“হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। সংস্কার কাজ বন্ধ থাকায় আমাদের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ইউপি সদস্য সোহেল সলাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার এক আত্মীয়ের উপর ঠিকাদারের লোকজন হামলা চালায়। এছাড়া আমার ছেলে শাওনের উপরও হামলা চালায় তারা। কিন্তু তাদের গাড়িতে হামলা-ভাংচুর ও তাদের আহত করার ঘটনায় আমার কিংবা আমাদের লোকজন জড়িত নয়। আর চাঁদার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তাও সত্য নয়।”
মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, দুইপক্ষ থেকে দুই ধরনের অভিযোগ আসছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
