সাভার টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড়, নিয়ন্ত্রণে লাঠিপেটা
সাভারে করোনাভাইরাসের টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড় সামলাতে পুলিশ লাঠিপেটা করেছে; এতে অন্তত ১৫ জন আহত হয়।
২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা প্রদান শেষ হওয়ার ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে ভিড় বেড়েছে।
তবে এর পরও প্রথম ডোজ টিকা প্রদান কর হবে বলে জানান সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।
লাঠিপেটা ও হুড়োহুড়িতে স্বাস্থ্যকর্মীসহ আহত ১০/১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দ্বিতীয় দিনের নির্ধারিত সময় সকাল ৮টা থেকে টিকা দেওয়ার কথা থাকলেও ভোর চারটা থেকেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম)’ কেন্দ্রে টিকা প্রত্যাশীরা ভিড় করতে থাকে। তাদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক।
এদিকে টিকা নিতে ভোর থেকেই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়েও টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। অতিরিক্ত মানুষের চাপে সামাজিক দূরত্বের বালাই না থাকায় সংক্রমণও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দায়িত্বশীলদের কেউ কেউ।
শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপে ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন টিকা প্রত্যাশীদের কেউ কেউ।
কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি বলে জানান আমেনা বেগম।
তিনি বলেন, হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অনেক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছে। একজন ধাক্কা সামলাতে না পেরে ড্রেনে পড়ে রক্তাক্তও হয়েছে।
”বয়স্ক অনেক মহিলার লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। মহিলাদের জন্য আলাদা টিকা কেন্দ্র হলে ভালো হতো। ভিড় সামলাতে না পেরে লাঠিপেটাও করেছে দায়িত্বরত লোকজন,” বলেন আমেনা।
আশুলিয়ার ডেকো গার্মেন্টসের শ্রমিক ইসমাইল হোসেন ভোর ৬টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলে জানান।
বেলা ১২টা পর্যন্ত টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভোর ৬টায় এসেও দেখি আমার আগেই আরও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ে দুপুর হয়ে গেলেও টিকা নিতে পারিনি। হুড়োহুড়ি আর গরমে অসুস্থ্ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে।
আশুলিয়ার কাঠগড়া এলাকা মমিনুল ইসলাম বলেন, “টিকা দেওয়ার জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর হলেও এখনও টিকা নিতে পারিনি। হুড়োহুড়িতে কয়েকবার পড়েও গেছি। এত ভয়াবহ অবস্থা জানলে তো আর এই ঝামেলার মধ্যে আসতাম না।”
লিজা আক্তার বলেন, ”ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। এর মধ্যে ধাক্কাধাক্কিতে জীবন শেষ। টিকা নিতে আইসা তো বিপদে পড়ছি। কেন যে ঢুকলাম এইখানে! এখন বাইর হমু ক্যামনে তাই ভাবতাছি।”
এদিকে টিকা কেন্দ্রের মাইকে বেশ কয়েকটি শিশু হারিয়ে যাওয়ার ঘোষণাও দিতে শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য ’দায়িত্ব পালনের সময় তার মোবাইলও হারিয়েছেন’ বলে জানান।
টিকা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সোহাগ মিয়া বলেন, “মানুষের চাপে অসুস্থ হয়ে পড়া ৩/৪ জনকে আমি উদ্ধার করে পানি কিনে খাইয়েছি।”
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, “সক্ষমতার চেয়ে অনেক বেশি টিকা নিতে আসায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
তিনি বলেন, “সরকারের ঘোষণার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সাধারণ মানুষ টিকা নিতে আসছেন। এতে আমরা খুবই খুশি। কিন্তু এখানকার পরিস্থিতি মোকাবিলা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। ভিড়ে কেউ কেউ আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, ”ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। সাভারের চাহিদা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজ কন্টিনিউ করা হবে।”
সাভারবাসী ও গার্মেন্টস শ্রমিকদেরকে অস্থির না হওয়ার পরামর্শ দেন সায়েমুল হুদা।
তিনি বলেন, “২৬ ফেব্রুয়ারির পরও আমরা কেন্দ্রে নিয়মিত প্রথম ডোজ টিকা প্রদান করব। সাভারে এ পর্যন্ত ৭০ হাজার শিক্ষার্থীসহ ১২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবার এই কেন্দ্রেই ১৮ হাজার লোককে টিকা দেওয়া হয়।”
সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ”আমরা শুধু স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে সহায়তা করছি। তবে সাভারের মতো জনবহুল এলাকায় হটাৎ হাজার হাজার লোক টিকা নিতে আসায় আমাদেরও বেগ পেতে হচ্ছে।”
টিকা নিতে আসা মানুষের ওপর লাঠিপেটার বিষয়টি কোনভাবেই কাম্য নয় জানিয়ে ওসি বলেন, এটা কেন ঘটেছে তা খতিয়ে দেখা হবে।
