২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 08:29 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বুধবার বিকালে টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২’ নামের এই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভার পর কারখানার ভেতরে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন জহিরুল।   

নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী রয়েছেন।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ।

তারা হলেন টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৫) এবং খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৪৫)।

সুমাইয়া কারখানটির পাশে রুপায়ন মাঠে সোহরাব উদ্দিনের বাসায় পরিবারসহ বসবাস করতেন। চার মাস আগে এই জুতার কারখানায় কাজ নেন তিনি।

শাহানারা কারখানার পাশে রুপায়ন মাঠের জুয়েল হোসেনের বাড়িতে স্বামীসহ বসবাস করতেন। দুই মাস আগে কারখানায় কাজে যোগ দেন তিনি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম বলেন, ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

“দুই জন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন।”

আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি, বলেন আলিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ‘ইউনি ওয়ার্ল্ড’ নামের জুতা তৈরির কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। কিন্তু কারখানাটিতে বিভিন্ন কেমিকেল ও দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

“প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো কারখানাটি পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, কারখানার ভিতর থেকে তিনটি লাশ পাওয়া গেছে। আগুন নেভানোর সময় দমকল সদস্য ও শ্রমিকসহ অন্তত দশ জন আহত হয়েছেন। আরও ভালো করে অনুসন্ধান চলছে।

বস্ত্র ও পোশাক শিল্প লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম জানান, কারখানাটিতে দুই পালায় ১০০ জন শ্রমিক কাজ করেন। আগুনে দগ্ধ হয়ে তিন জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।