২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ৮ কোটি টাকার ‘অনিয়ম’ তদন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার আয় থেকে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 08:17 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে এসে তদন্তকাজ শুরু করে তিন সদস্যের দল।

দলের প্রধান হিসেবে রয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। অন্য সদস্যরা হলেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজার রহমান এবং ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।

তদন্তের অংশ হিসেবে শুরুতেই তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে হয় এই বৈঠক।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টায় অধ্যাপক তাহের সাংবাদকিদের বলেন, তারা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষায় আয়-ব্যয় হিসাবের সব নথিপত্র সংগ্রহ করেছেন।

শিগগিরই তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য (শিক্ষা) নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ রাশেদা আখতার ছিলেন বৈঠকে।

পরে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইউজিসির তদন্ত কমিটির সদস্যরা।

কোষাধ্যক্ষ রাশেদা আখতার সাংবাদিকদের বলেন, কমিটির সদস্যরা তাদের কাছে যেসব নথিপত্র চেয়েছেন তা দিয়েছেন তারা।

ভর্তি ফরম বিক্রি করে পাওয়া টাকার ৪০ পার্সেন্ট কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। বাকি ৬০ পার্সেন্ট ভর্তিপরীক্ষা বাবদ শিক্ষক-কর্মকর্তাদের ভাতা, ভর্তিপরীক্ষার সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন খাতে করার কথা।

কিন্তু অভিযোগ রয়েছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি ফরম বিক্রি করে পাওয়া প্রায় ২০ কোটি টাকার পুরোটাই খরচ করে ফেলা হয়েছে; ৪০ পার্সেন্ট কোষাগারে জমা না দিয়ে শিক্ষক-কর্মকর্তারা অতিরিক্ত ভাতা হিসেবে ভাগাভাগি করে নিয়েছেন।