বৈরী আবহাওয়া, সেন্টমার্টিনে আটকা ২ হাজার পর্যটক
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ায় আটকা পড়েছেন দুই হাজারের বেশি পর্যটক।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সদস্য প্যানেল চেয়ারম্যান-১ আক্তার কামাল জানান, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের কারণে প্রশাসন নৌযান চলাচল বন্ধ ঘোষণা করায় তারা আটকা পড়েছেন।
তিনি বলেন, “সোমবার টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনে আসতে পারেনি। তবে দ্বীপে আটকা পড়া দুই হাজারের বেশি পর্যটক ভালো আছেন। তারা দ্বীপে ঘুরে বেড়াছেন । তাদের খোঁজখবর নিচ্ছে প্রশাসন ও স্থানীয়রা।”
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভা ইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, টেকনাফ-সেন্টমাটিন নৌপথে পর্যটকবাহী আটটি জাহাজ চলাচল করে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচলে আবার অনুমতি দেওয়া হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।
তিনি বলেন, আবহাওয়া ঠিক হলে আটকা পড়া পর্যটকদের ফেরত আনা হবে। প্রশাসন পর্যটকদের খোঁজখবর নিয়েছে এবং নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে।
