২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কোভিডে আরও ৩ মৃত্যু

ফরিদপুরে একদিনে কোভিড আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 12:34 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় কোভিড আক্রান্ত ৫৫৩ জনের মৃত্যু হল। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪০ জন। গত এক মাসে প্রাণ গেছে ১৬ জনের।

ছিদ্দীকুর বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে ২০২ জনকে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে আরও ৪০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮০ শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট কোভিড আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৬১৭ জনে। সুস্থ হয়েছে ২৩ হাজার ৩০০ জন। আর প্রাণ গেছে ৫৫৩ জনের।

গত কয়েকদিন ধরে  প্রতিদিনই কোভিড রোগীর মৃত্যু হচ্ছে জানিয়ে সিভিল সার্জন বলেন, সোমবার পর্যন্ত কোভিড আক্রান্ত ১৫১ জন হোম আইসোলেশনে রয়েছে। আর হাসপাতালে ভর্তি রয়েছে ২৭ জন।

এদিকে কোভিড প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলা শহর ও উপজেলা পর্যায়ে মাইকিং করা হচ্ছে বলে জেলা প্রশাসক অতুল সরকার জানান।

তিনি বলেন, “জনসাধারণকে আমরা স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রার্থনা করতে বলা হয়েছে।”