গৃহবধূকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
নোয়াখালীর চাটখিলে এক গৃহবধূকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
উপজেলার পাল্লা বাজারে পাঁচগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুহাদ আল মতিনের ব্যক্তিগত কার্যালয়ে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে চাটখিল থানায় অভিযোগ করা হয়।
অভিযোগকারীর বরাতে চাটখিল থানার ওসি আবুল খায়ের বলেন, পূর্বপরিচিতির সুবাদে চাকরির জন্য যুবলীগ নেতা ফুহাদকে জীবন বৃত্তান্ত দেন ওই নারী। রোববার সকালে তাকে কার্যালয়ে ডেকে কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়।
”পরে তাকে ধর্ষণ করেন ফুহাদ; এ সময় ফুয়াদের এক সহকারী মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং কাউকে কিছু জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার – এমনকি হত্যারও হুমকি দেন।”
ওসি জানান, পরে অর্ধচেতন অবস্থায় তাকে একটি অটোরিকশা করে পাল্লা বাজারের মাঝামাঝি জায়গায় নামিয়ে দিলে সিএনজিচালিত এক অটোরিকশা চালকের সহযোগিতায় ওই গৃহবধূ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
খবর পেয়ে চাটখিল থানা পুলিশ হাসপাতালে গিয়েছেন বলে জানান ওসি।
ফুহাদ আল মতিনকে আটকের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
