রাজশাহী নগরীর ‘সংরক্ষিত’ দিঘি রাতের আঁধারে ভরাটের চেষ্টা
রাজশাহী নগরীর ‘সংরক্ষিত’ ২২টি পুকুরের অন্যতম তিন একরের বেশি আয়তনের ‘শুকান দীঘি’; উচ্চ আদালতের নির্দেশনা ভেঙে রাতের আঁধারে সেটি ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে সড়কবাতি নিভিয়ে ট্রাক দিয়ে বোয়ালিয়া থানার শিল্পনগরী সপুরা এলাকার এই পুকুরটিতে বালু ফেলার খবর পেয়ে পুলিশ গিয়ে ভরাট কাজে বাধা দেয় এবং সারারাত সেটি পাহারা দেয়।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীতে পুকুর ভরাট নিষিদ্ধ। এরপরও একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। আর এজন্য পুলিশের ওপর দোষ পড়ছে। অনেকে অভিযোগ করেন; পুলিশ নাকি টাকা খেয়ে পুকুর ভরাটে বাধা দিচ্ছে না।
“শুক্রবার রাতে পুকুর ভরাট শুরু হলে এক ব্যক্তি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ভরাটকাজ বন্ধ করে দেয়। সারারাত পাহারা দিয়ে পুলিশ সকাল ৮টায় থানায় ফেরত এসেছে। নগরীর কোনো পুকুরই পুলিশ ভরাট করতে দেবে না।”
তবে কে বা কারা ‘শুকান দিঘি’ ভরাট করতে বালু ফেলেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের বিভিন্ন এলাকার ২২টি পুকুর সংস্কার করে সংরক্ষণে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তালিকায় ‘শুকান দিঘি’ও আছে।
এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুকান দিঘি’ তাদের মাস্টারপ্ল্যানেও সংরক্ষিত জলাধার হিসেবে রয়েছে। এ ছাড়া নগরীতে পুকুর ভরাট না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।
তবে পুকুরটির প্রকৃত মালিকানা নিয়ে নানাজনের দাবি রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। তাই বর্তমানে পুকুরটি কার মালিকানাধীন তা বের করা যায়নি।
বোয়ালিয়ার ওসি বলেন, “শুক্রবার রাতে পুকুর ভরাট শুরু হলে হারুন-আর-রশিদ নামের এক ব্যক্তি থানায় খবর দেন। এ পুকুরের মালিকানা যারা অতীতে দাবি করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি আইনি লড়াই করে আসছেন। হারুনের দাবি, এ পুকুর তাদের পৈতৃক সম্পত্তি। এর মালিক তাদের বংশের অন্তত ১২ জন। কিন্তু তারা পুকুরটি ভরাট করছেন না।“
সপুরা এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলর ও একজন প্রভাবশালী নেতার সহায়তায় সুমন ও সোহরাব নামের দুইজন ব্যক্তি পুকুরটি ভরাট করার কাজ করছেন।”
তারা দীর্ঘদিন ধরে পুকুরটি দখল করার চেষ্টা করে আসছেন বলে হারুনের অভিযোগ।
স্থানীয়দের সঙ্গে কথা হলে জানা যায়, সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সোবহান লিটনের স্ত্রী, ভাই ও ভাতিজার ক্রয় সূত্রে এ পুকুরের কিছুটা অংশের মালিকানা রয়েছে।
তবে কাউন্সিলর লিটনের দাবি, পুকুরে তাদের কোনো মালিকানা নেই। তিনি নিজেও পুকুরটি রক্ষার চেষ্টা করছেন। কিন্তু নানা কারণে পেরে উঠছেন না। যারা ভরাট করছেন; তারা প্রভাবশালী।
‘শুকান দিঘি’র সর্বশেষ ক্রেতাদের একজন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলে জানান কাউন্সিলর।
এ ব্যাপারে রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক বছর আগে শেলি নামে এক আইনজীবীর কাছ থেকে আমরা ছয়জন গোটা পুকুরটি কিনেছিলাম। কিন্তু দিঘির দখল নিতে গিয়ে ঝামেলা হওয়ায় অন্যজনের কাছে আমরা বেচে দিয়েছি।
“পুকুরটি কে বা কারা ভরাট করছেন, তা বলতে পারব না। পুকুরটির প্রকৃত মালিক কে তাও জানি না।”
স্থানীয়রা জানান, কিছুদিন আগেও পুকুরের পূর্ব পাড়ের কিছু জায়গা ভরাট করে কলাগাছ লাগানো হয়। তার পাশ থেকে রাতের আঁধারে বালু ফেলে ভরাট কাজ চলে।
