২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় বালুবাহী নৌযান ডুবি: মোতালেবের লাশ মিলল বাল্কহেডেই

নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ মোতালেবের লাশ ওই নৌযানেই পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2022, 11:27 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

নিখোঁজের তিন দিন পর শনিবার বিকালে বাল্কহেডের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সোনারগাঁ উপজেলার কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিদর্শক জহিরুল হক জানান।

মৃত মোতালেব মিজি (৫৫) ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে।

জহিরুল হক জানান, বৃহস্পতিবার সকাল থেকে মোতালেবের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শুক্রবার পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সন্ধান পাননি।

“ডুবে যাওয়া নৌযানটি পানির নিচ থেকে শনিবার টেনে তোলা হলে মোতালেবের লাশও পাওয়া যায়।”

বুধবার রাত ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দারুল মাকাম-৩ নামের বালুবাহী বাল্কহেডটি ডুবে যায়।

এই নৌ-যানের ছয় কর্মীর মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো. আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) দুর্ঘটনার পর তীরে উঠতে সক্ষম হলেও মোহা্ম্মদ মোতালেব মিজি (৫৫) নিখোঁজ ছিলেন।

মেঘনায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবেছে বালুবাহী নৌযান, নিখোঁজ ১  

এছাড়া লস্কর মো. হৃদয় (১৮) নামের আরেকজন অন্য লঞ্চে উঠে পালিয়ে গেছেন বলে পুলিশের ভাষ্য।

পরিদর্শক জহিরুল হক জানান, চারজনকে উদ্ধার করে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে লঞ্চ কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলায় চার জনকেই গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।