২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোমনায় যুবলীগ কর্মীকে হত্যায় আসামি চেয়ারম্যানহসহ ২৩ জন

কুমিল্লার হোমনায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানহসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2022, 11:03 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

নিহত সালাউদ্দিন জহিরের (২৬) বড় বোন পারুল আক্তার বাদী হয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করেছেন বলে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান।

তিনি জানান, মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। উপজেলার আসাদপুর ইউনিয়নের চেয়াম্যান ও ঘনিয়ারচর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন পাঠানকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার আসাদপুর ইউনিয়নের পাঁচকুরিয়া-তেভাগিয়ায় হামলায় জহির গুরুতর আহত হন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১টার দিকে তিনি মারা যান।

ইউপি নির্বাচন ঘিরে বিরোধের জেরে’ জহিরকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা বললেও এ ব্যাপারে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে জহিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তিনি (জহির) হত্যাকারীদের নাম বলে গেছে বলে মামলার বাদী পারুল আক্তার জানান।

পারুল বলেন, “ইউপি নির্বাচনে আমার ভাই চেয়ারম্যান জালালের পক্ষে কাজ করেনি, জহির যুবলীগের রাজনীতি করায় নৌকার প্রার্থীর পক্ষে ছিল। এই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করা হয়েছে। আমি জালাল পাঠানসহ খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই “

Image
আসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মামলার প্রধান আসামি জালাল উদ্দিন পাঠান

আসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মামলার প্রধান আসামি জালাল উদ্দিন পাঠান

গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালাল উদ্দিন পাঠান আসাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান।

জহির এলাকায় যুবলীগের রাজনীতি করতেন এবং কেবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন জহিরের চাচা ও আসাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল্লাহ জানান।

জহির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমানের পক্ষে কাজ করেছেন বলেও জানান তিনি।

এদিকে মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, আসামিরা এলাকা থেকে পালিয়ে রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।