২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সনদ না থাকায় ২ ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ

ফরিদপুরে প্রয়োজনীয় সনদ না থাকায় দুটি ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:31 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজীবের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাতে এই অভিযান চালায়।

এ অভিযানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ফাতেমা বেগম অংশ নেন।

প্রতিষ্ঠান দুটি হলো আরামবাগ হাসপাতাল এবং নিউলাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার দুপুর থেকে বেসরকারি ওই দুটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা কার্যকর হবে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ফাতেমা বেগম জানান।

তিনি বলেন, দি মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেটশন) অর্ডিন্যান্স ১৯৮২’ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই দুই প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।