রাবিতে নানা আয়োজনে ‘জোহা দিবস’ পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে গণঅভ্যুত্থানের শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী।
১৯৬৯ সালের এই দিনে রসায়ন বিভাগের এই শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে থাকাকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। দিনটি রাবিতে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়।
শুক্রবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ শিক্ষক ও কর্মকর্তারা ড. জোহার সমাধি ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন।
সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সকলে ড. জোহার স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, রাবি শিক্ষক সমিতি, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রভাত ফেরিসহ শহীদ জোহার মাজার ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে।
এ ছাড়া সকাল ১০টায় শহীদ জোহা স্মরণে রসায়ন বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমায় কোরআনখানি ও বিশেষ মোনাজাত, বিকালে শহীদ শামসুজ্জোহা হলে দোয়া মাহফিল হয়। সন্ধ্যায় শহীদ শামসুজ্জোহা হলে প্রদীপ প্রজ্জ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে সন্ধ্যা ৭টায় জুবেরী ভবনে রাবি শিক্ষক সমিতির আলোচনা অনুষ্ঠান এবং শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ দিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল।
