বিএনপি ভোটে এলে ভালো, না এলেও ক্ষতি নেই : মেয়র লিটন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি আসে ভালো, না এলেও কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
নওগাঁ জিলা স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে শুক্রবার দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এসব কথা বলেন।
মেয়র লিটন বলেন, “বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সার্চ কমিটির নিকট অন্যান্য রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপি নাম জমা দেয়নি।
বিএনপিপন্থি পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেন, “বিএনপির সঙ্গে আলোচনা না করেই ডা. জাফরুল্লাহ কি নাম জমা দিয়েছেন?“
এ সময় তিনি বলেন, আইনের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।
“বিএনপি সেই নির্বাচনে আসলে ভালো, না আসলে ক্ষতি নাই।”
ব্যাপক উন্নয়নের ফলে আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মন্তব্য করে রাসিক মেয়র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আরাম-আয়েশে দিনযাপন করছে।“
