জয়পুরহাটে ফসলি জমি কেটে রাস্তা সংস্কারের অভিযোগ
জয়পুরহাট সদর উপজেলায় এলজিইডির রাস্তা সংস্কারের কাজে কৃষকদের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
রাস্তার দুই পাশের ফসলি জমি থেকে মাটি নেওয়ার অনুমতি না থাকলেও এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে খনন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা।
জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর বলেন, “ঠিকাদারকে অন্য জায়গা থেকে মাটি কেনার জন্য এলজিইডি অর্থ বরাদ্দ দিলেও অসাধু ঠিকাদার কৃষকদের অর্থ না দিয়েই তাদের ফসলি জমি থেকে মাটি নিচ্ছে।”
এভাবে মাটি নেওয়ায়ে কৃষকদের ক্ষতি পূরণ এবং ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দূর্গাদহ বাজার থেকে হরিপুর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা এলজিইডির ব্যাবস্থাপনায় বর্ধিত ও কার্পেটিং করার কাজ চলছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ টাকা।
কাজের জন্য অন্য কোথাও থেকে মাটি সরবরাহের চুক্তি থাকলেও নওগাঁর ঠিকাদারী প্রতিষ্ঠান `ইথান এন্টারপ্রাইজ’ স্থানীয় কৃষকদের ফসলি জমি থেকে মাটি নিচ্ছে। এজন্য এস্কেভেটর দিয়ে দুই পাশে পাঁচ থেকে আট ফুট গভীর এবং ছয় থেকে আট ফুট চওড়া করে খনন করা হচ্ছে।
সংস্কারাধীন রাস্তার পার্শ্ববর্তী ছাওয়ালপাড়া গ্রামের কৃষক রফিকুর ইসলাম বলেন, “আমরা এলকার উন্নয়নের স্বার্থে অবশ্যই রাস্তা চাই। কিন্তু আমাদের আলু, সরিষা ও ধানসহ বিভিন্ন ফসল নষ্ট করে মাটি কেটে রাস্তার দুই পাশে ভরাট করা হচ্ছে। বাধা দিতে গেলে ঠিকাদারের লোকজন বলে যে, সরকারি কাজে বাধা দিলে আমাদের নাকি অসুবিধা হবে।”
একই এলাকার ডাবলু চন্দ্র বলেন, “ঠিকাদার খুব প্রভাবশালী। তাই আগে থেকে কোনো নোটিশ না দিয়ে বা না জানিয়েই রাস্তার দুই পাশে তাদের জমি থেকে আলু, সরিষা, কলাগাছ ও ধান নষ্ট করে আট ফুট পর্যন্ত চওড়া ও গভীর গর্ত করে জোর করে মাটি নেওয়া হচ্ছে।”
ঠিকাদারী প্রতিষ্ঠানটির এস্কেভেটর চালক জয়নাল আবেদিনের কাছে এ বিষয়ে চাইলে তিনি বলেন, “ঠিকাদারের ম্যানেজার যা বলে আমরা তাই করি। যেখানে দেখে দিচ্ছে, সেখানেই মাটি কাটি।”
এ ব্যাপারে স্থানীয় ভাদসা ইউনিয়নের সদস্য লিটন বলেন, আমি এলাকার কৃষকদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঠিকাদার মেশিন দিয়ে সাত থেকে আট ফুট পর্যন্ত গভীর করে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার খাল খনন করেছেন। এতে প্রায় একশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আমি বাধা দিলেও আমার কথাও শোনেনি।”
বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার নুর আলম সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে ‘খারাপ আচরণ’ করেন।
তিনি বলেন, “আপনাদের এখানে কি? নিউজ করবেন, করেন। রুলস-রেজুলেশনের বাইরে কোনো মাটি কাটা হয়নি। যা রুলস সে রুলস অনুযায়ী মাটি কাটা হচ্ছে। অফিসের অফিসারদের সংঙ্গে কথা বলেন।”
এ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ইথান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রাসেলকে ফোন করা হলে তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন।
রাস্তা সংস্কার কাজে রাস্তার দুই পাশ থেকে মাটি নেওয়ার ব্যাপারে কোনো অনুমতি দেওয়া হয়নি জানিয়ে এলজিইডির (সদর) উপ-সহকারী প্রকৌশলী নেওয়াজ শরিফ বলেন, “ঠিকাদার কোথা থেকে মাটি নেবে তার কোনো পারমিশন আমরা দেই নাই। ওনারা নিজ দায়িত্বে মাটি নিয়ে আসবে।এখন উনারা জমিওয়ালাদের সঙ্গে কথা বলতে পারে, নরমালি তারা দিতে পারে, অথবা জমিওয়ালারা ডিমান্ড করলে টাকা দিতে হবে, সেক্ষেত্রে ঠিকাদাররা তাদের কাছ থেকে নিতে পারে।”
“অবশ্যই সেটি সমোঝতার মধ্যে দিয়ে হতে হবে এবং রাস্তার ডিজাইন অনুযায়ী কাজ বুঝে দেবে,” বলেন তিনি।
এ বিষয়ে সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোবারক হোসেন বলেন, “ঠিকাদারকে অন্যত্র থেকে মাটি আনতে অথবা কৃষকদের বা ফসলের ক্ষতি না করে ব্যবস্থা গ্রহণ করতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।তা না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
