২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নারীকে ‘শ্বাসরোধ’ করে হত্যা

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 09:38 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

উদ্যানের ভেতর দক্ষিণ দিকের একটি লেবুবাগান থেকে বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান।

নিহত আসমা বেগম (২৩) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কোণটা গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী।

তার দুই বছরের একটি ছেলে রয়েছে।

পরিদর্শক চম্পক ধাম বলেন, সকালে বন বিভাগের কর্মীরা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

“তার গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে সাতছড়িতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে ২টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ।”

পরিদর্শক বলেন, ইতোমধ্যে হত্যার কারণ ও খুনিকে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে এখনই খুনির নাম-ধান বলছে না পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।