২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু ‘হত্যার’ জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শিশুকে হত্যার অভিযোগ তুলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 09:14 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই হামলা-ভাঙচুর হয় বলে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান।

পরিদর্শক এলাকাবাসীর বরাতে বলেন, গত সোমবার উপজেলার শালমদী গ্রামের বাবুল হোসেনের ছেলে রিয়াদ (৭) সঙ্গীদের সঙ্গে পাশের খিরদাসাদী গ্রামের এক পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বুধবার দুপুরের দিকে ওই পুকুর থেকে রিয়াদের মৃতদেহ উদ্ধার করা হয়।

“তার মুখ ও দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

এ ঘটনায় বুধবার রাতেই তার বাবা আড়াই হাজার থানায় হত্যা মামলা করেন।

মামলার আসামিরা হলেন- খিরদাসাদী গ্রামের নাসু ভূঁইয়ার ছেলে জিলানী (৩০), কাজী কবিরের ছেলে আরমান (২৬), কাজী মোবারকের ছেলে ফয়সাল (২৮), নাঈমের ছেলে রমজান (২৫) ও কাজী আলী হোসেনের ছেলে রাসেলসহ (২৮) অজ্ঞাত আরও দুই-তিনজন।

পরিদর্শক জোবায়ের বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শালমদী এলাকার ২০০ থেকে ৩০০ জন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খিরদাসাদী গ্রামে হামলা চালায়।

“হামলাকারীরা জিলানীর একটি পাওয়ার লুম কারখানার সব মেশিন, বাড়ির মালপত্র ভাঙচুরসহ ছয়টি গরু ও যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। সফিকুল ইসলামের একটি পাওয়ারলুম কারখানা ও বাড়ি ভাঙচুরসহ চারটি গরু এবং বাড়ি ও কারখানার মালপত্র লুট করে। মোবারকের দুটি দোকান ভাঙচুর ও লুট করে হামলাকারীরা।”

খবর পেয়ে পুলিশ গেলে পুলিশের ওপরও হামলা হয় বলে তিনি অভিযোগ করেন।

পরিদর্শক বলেন, হামলায় পুলিশের এসআই মামুনসহ তিন সদস্য আহত হয়েছেন।

ঘটনার সময় খোকন (৩০) নামে এক ব্যক্তির ডান পায়ে গুলি লাগলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান পরিদর্শক জোবায়ের।

পরে আড়াইহাজার থানা, ফাঁড়ি ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সটকে পড়ে।

ঘটনার পর নারায়ণগঞ্জ-গ অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত মো. নোমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানউল্লাহ আমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শক জোবায়ের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শিশুর লাশ দাফন পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করবে।