‘কাদের মোল্লা ছাত্র ইউনিয়নের’: জাফরুল্লাহর বিরুদ্ধে সমন
জামায়াত নেতা যুদ্ধাপরাধী ‘কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়ন করতেন’ এমন বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগ এনে শরীয়তপুরে মামলা করেছেন সংক্ষুব্ধ এক ছাত্রনেতা।
বুধবার মামলার আবেদন করলে বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস তা আমলে নিয়ে জাফরুল্লাহর বিরুদ্ধে সমন জারি করেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রুকন।
গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) এক সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, “কাদের মোল্লাকে ‘কসাই কাদের’ নাম দিয়ে ফাঁসি দিয়েছেন। উনি ছাত্র ইউনিয়ন করতেন। এখনও মতিয়া চৌধুরী বেঁচে আছেন। নুরুল ইসলাম নাহিদ বেঁচে আছেন। উনি যদিও তাদের নাম বলেছিলেন, বিচারপতিরা তাদেরকে সাক্ষী হিসেবে ডাকায়নি। উনি ছাত্র ইউনিয়ন করতেন; উনি ছাত্র শিবিরও করে নাই। শেখ সাহেবের আমলে, বঙ্গবন্ধুর আমলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত সদস্য ছিলেন। এইরকম একটা ব্যক্তিকে বিচারকরা বিচার না করে কেবল জোয়ারের ভাটায় নৌকা উঠিয়ে দিয়ে ফাঁসি দেওয়াটা কত বড় অন্যায় কাজ সেটা আল্লাহই তাদের বিচার তরবেন।“
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের বিচারও ‘খারাপ কাজ’ হয়েছে বলে একই অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন জাফরুল্লাহ।
এর পর পরই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের নিন্দা জানানো হয়। শরীয়তপুরে মামলাটিও করেছেন সংগঠনের জেলা সংসদের সভাপতি সাইফুল ইসলাম ওরফে রুদাদ।
মামলার এজাহারের বরাত দিয়ে আইনজীবী বলেন, “গত ৮ ফেব্রুয়ারি বাদী শরীয়তপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুমানা আক্তারের আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২০৩ ধারায় তা খারিজ করেন দেন।
“বুধবার বাদী শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন করলে মামলাটি আমলে নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন”, যোগ করেন আইনজীবী।
