২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর শিশু উন্নয়নকেন্দ্রে হত্যার আসামির ‘আত্মহত্যা’

যশোর শিশু উন্নয়নকেন্দ্রে থাকা হত্যা মামলার আসামি এক কিশোর `আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 03:32 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

সোমবার দুপুরে কেন্দ্রের ‘কপোতাক্ষ’ ডরমেটরির দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ওই কিশোর `আত্মহত্যা’ করে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।

নিহত জহুরুল ইসলাম (১৬) পাবনার বামুনডাঙ্গার আতাইকুলা গ্রামের জিলাল মণ্ডলের ছেলে। হত্যা মামলার আসামি হিসেবে সে গত বছরের ৩০ নভেম্বর থেকে যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ছিল।

যশোর শিশু উন্নয়নকেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান দুপুরে গণমাধ্যমকে বলেন, “দিনব্যাপী কেন্দ্রের মাঠে বিশ্ব ভালবাসা ও বসন্ত দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ছিল ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা। সকাল ১১টা পর্যন্ত খেলা চলে।

“১১টা ২০ মিনিটের দিকে কক্ষে গিয়ে সঙ্গীরা জহুরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খেলার সময় সেও মাঠে ছিল। কোনো একসময় কক্ষে গিয়ে এ ঘটনা ঘটায়।”

সহকারী পরিচালক বলেন, তারা জহুরুলকে নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“জহুরুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা হবে”, যোগ করেন সহকারী পরিচালক।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শিশু উন্নয়নকেন্দ্রের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।“

কোতোয়ালি থানার ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, কিশোর আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।“