সিরাজগঞ্জে ট্রেন বিকল, ৩ ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তিন ঘণ্টা ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানিয়েছেন স্টেশন মাস্টার আবু হান্নান। এক ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
স্টেশন মাস্টার আবু হান্নান জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য এক নম্বর লাইনে দাঁড়ায়। এ সময় প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের রড ট্রেনের ইঞ্জিনের হোস পাইপে ঢুকে তা বিকল হয়ে পড়ে।
পরে টাঙ্গাইল থেকে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন এনে যুক্ত করার পর ৪টা ৫ মিনিটে ট্রেনটি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।
”এতে ট্রেনের যাত্রীরা প্রায় তিন ঘণ্টা আটকে থাকেন। এতে নারী-শিশুসহ নানা বয়সের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।”
তবে দুই নম্বর লাইন চালু থাকায় অন্য ট্রেনগুলোর চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
