সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ পাথর বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক আরোহী।
শহরের নিউ ঢাকা রোডের মালসাপাড়া কবরস্থানে সামনে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান।
নিহত সজীব (২২) শহরের মিরপুর মহল্লার রেজা শেখের ছেলে। আহত সুবেল একই মহল্লার জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, পাথর বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে দুই জন আরোহী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সজীব মারা যান।
আহত সুবেলকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সাজ্জাদুর।
নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।
