২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘মামাত ভাইয়ের’ লাঠির আঘাতে আহত ফুফাত ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ‘মামাত ভাইয়ের’ লাঠির আঘাতে আহত ফুফাত ভাই ছয় দিন চিকিৎসার পর মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 09:34 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে কামারখন্দ থানার পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান।

নিহত সাইদুল ইসলাম (৩২) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়ার ইয়াসিন আলীর ছেলে।

পরিদর্শক হাসানুজ্জামান স্থানীয়দের বরাতে বলেন, ৬ ফেব্রুয়ারি বিকালে সাইদুল ইসলাম তার মামাত ভাই আরমান আলীর জমির ঘাস কেটে ছাগলকে খাওয়ান। আরমান আলী জানার পর সাইদুলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় মাথায় লাঠির আঘাতে সাইদুল আহত হন। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তিনি মারা যান বলে জানান পরিদর্শক হাসানুজ্জামান।

পরিদর্শক বলেন, ময়নাতদন্ত শেষে লাশ শনিবার বিকালে বাড়িতে নিয়ে গিয়েছেন স্বজনরা। এখনও থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি মোবাইল ফোনে থানায় অবগত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।