সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার বেলা ৩টায় সিলেট সার্কিট হাউজে এই বৈঠক শুরু হয়, যাতে শিক্ষার্থীদের ১১ জনের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে অংশ নেওয়ার আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র নাফিসা আঞ্জুম ইমু বলেন, উপাচার্যের পদত্যাগ ও অন্যান্য দাবি নিয়ে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস আহমেদ তুহিন রয়েছেন।
বৈঠকে অংশ নেওয়ার আগে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আশা করছেন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য শুনবেন।
তারা জানান, বৈঠকে তারা উপাচার্যের পদত্যাগ ও তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, আড়াই শতাধিক শিক্ষার্থীর বন্ধ থাকা মোবাইল সিম চালু, পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সজল কুণ্ডকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও তার জন্য নবম গ্রেডের চাকরি নিশ্চিত করা, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হককে এমিরেটাস অধ্যাপক নিয়োগ দেওয়া, সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর করা, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি উত্তাপন করবেন।
এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে বসেন।
২৬ জানুয়ারি সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।
অনশন ভাঙলেও নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে আলোচনার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দেলনের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সকালে সিলেট পৌঁছান শিক্ষামন্ত্রী।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি দায়িত্বও রয়েছে। সকল সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এরকম সমস্যা প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েই হয়।”
